এর আগে বেলা ১১টার দিকে কালিয়ায় পৌঁছে রাজনৈতিক সহিংসতায় নিহত কালিয়া উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর ইসলামের কবর জিয়ারত করেন রিজভী। পরে বড় কালিয়া এলাকায় নিহত উপজেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান।
বুধবার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির নেতা-কর্মীদের একটি শোভাযাত্রা বের করা হয়। বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, শোভাযাত্রাটি বেন্দারচর এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। হামলায় তিনজন আহত হন। তাঁদের মধ্যে শাহিনুর ইসলাম ও সোহেল রানা খুলনায় নেওয়ার পথে মারা যান।
ঘটনার নিন্দা জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘যেন এই দেশে আর কারও মায়ের বুক খালি না হয়, কোনো স্ত্রী যেন স্বামীহারা না হয়, কোনো বোন যেন ভাইহারা না হয়—এই লক্ষ্য নিয়েই কাজ করছেন তারেক রহমান। কিন্তু যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, রক্তের স্বাদ, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তাদের রক্ততৃষ্ণা আরও তীব্র হয়েছে, আরও গভীর হয়েছে।’
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্র-জনতার প্রবল প্রতিরোধের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরও পার্শ্ববর্তী দেশ থেকে তাঁর অনুচরদের দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে বলে তিনি মনে করেন। তাঁর ভাষায়, সোহেল রানা ও শাহিনুর ইসলাম সেই নির্মমতার শিকার।
বিএনপির নেতা-কর্মীদের আশ্বস্ত করে রিজভী আরও বলেন, ‘অনেক চেষ্টা করার পরও এ দেশের স্বাধীনতা যেমন কেউ কেড়ে নিতে পারবে না, সার্বভৌমত্ব যেমন কেউ কেড়ে নিতে পারবে না, ঠিক তেমনি এদের বিচার হবেই। বিচারের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।’
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতারা।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শাহিনুর ইসলাম ও সোহেল রানার মরদেহ কালিয়ায় আনা হয়। মাগরিবের নামাজের পর উপজেলা মডেল মসজিদে তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁদের দাফন সম্পন্ন করা হয়।
এ ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।