ডেস্ক রিপোর্ট :
ফরিদপুরের সালথায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা মূল্যের ৪৮০ বোতল স্কাফ ও উইনসেরেক্স সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে সালথা থানার আড়ুয়াকান্দি এলাকার বালিয়াগট্টি বাজারসংলগ্ন পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৬-এর সহযোগিতায় ঝিনাইদহ থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালায়। এ সময় পিকআপ থেকে ১৩৮ বোতল স্কাফ সিরাপ ও ৩৪২ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব সিরাপের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পালেরচর গ্রামের আমিন উদ্দীন মাতবরের ছেলে মো. রানা মাতবর (৩৮) এবং ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সামন্ত ষাটনলপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. হৃদয় প্রকাশ কামাল হোসেন (২৭)।
এসআরবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রানা মাতবরের বিরুদ্ধে মুন্সীগঞ্জের পদ্মা সেতু (উত্তর) থানায় এবং হৃদয় প্রকাশ কামাল হোসেনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানায় একটি করে মাদক মামলা রয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ ও উইনসেরেক্স সিরাপসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা পিকআপ ভ্যানসহ গ্রেপ্তার দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে বাহিনীটি।